দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক পুলিশ সদস্য ও তার ভাইকে সাজানো মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক মেহেদী হাসানকে গ্রেপ্তার এবং তার ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আল মামুনকে পলাতক আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন।
রোববার নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মফিজ উদ্দিন। তিনি দাবি করেন, তার দুই ছেলে মাদক উদ্ধারের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
সংবাদ সম্মেলনে মফিজ উদ্দিন বলেন, গত ২৯ সেপ্টেম্বর তার বাড়ির সামনে আমবাগানে জ্বালানি খড় রাখার একটি ঘরে অভিযান চালায় এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল। এ সময় সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করেন বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, অভিযানের সময় এসআরবির সদস্যরা তার ছোট ছেলে স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক মেহেদী হাসানকে বাড়ি থেকে ডেকে এনে আটক করেন। পরে ওই মামলায় তার মেজো ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আল মামুনকেও আসামি করা হয়। তবে ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে দাবি করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন দাবি করেন, হেরোইন উদ্ধারের ঘটনায় তার দুই ছেলেসহ পরিবারের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই। ষড়যন্ত্র করে তাদের মামলায় ফাঁসানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে মফিজ উদ্দিনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে এসআরবি-৫-এর কমান্ডিং অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বাহিনীটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, অভিযান পরিচালনাকারী সদস্যদের সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমএস/